বান্দরবান প্রতিনিধি: লামা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।


পরিদর্শনকালে যুগ্ম সচিব হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় স্বাস্থ্যসেবাকে আরও মানসম্মত, জনবান্ধব ও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি।


মতবিনিময় সভায় লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম হাসপাতালের বিদ্যমান সমস্যা, সীমাবদ্ধতা ও চাহিদাসমূহ স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। যুগ্ম সচিব তা মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।


এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও ইনসিটু জুনিয়র কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স) ডা. এপিএম আব্দুল খালেক, জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিওলজি) ডা. নুর মুহাম্মদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমেদ, মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদ উদ্দিন, ডা. জুবাইরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার নিলিমা রানী দে সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরিদর্শন শেষে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব।