ভারতের লাদাখের লেহ শহরে রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে চলমান আন্দোলন সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। বিজেপির একটি অফিস ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের পর উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়।

এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন প্রকৌশলী, উদ্ভাবক ও সমাজসংস্কারক সোনম ওয়াংচুক। তিনি ২০১৮ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পান। ভারতীয় গণমাধ্যম জানায়, ওয়াংচুকের জীবনকাহিনি থেকেই অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিল বলিউডের বিখ্যাত ছবি ‘থ্রি ইডিয়টস’। ছবিতে আমির খানের অভিনীত ‘ফুনসুক ওয়াংড়ু’ চরিত্রটি মূলত তার জীবন থেকে নেয়া।

এ মাসের শুরুতে লাদাখকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। তবে দাবি না মানায় বিক্ষোভ সহিংস রূপ নিলে তিনি অনশন ভেঙে দেন। সরকারের অভিযোগ, সংঘর্ষের জন্য দায়ী ওয়াংচুকের কর্মীরাই।

‘থ্রি ইডিয়টস’-এ আমির খান অভিনীত র‍্যাঞ্চো চরিত্রটি এক কৌতূহলী, মুক্তচিন্তার ছাত্র, যিনি মুখস্থবিদ্যার বিরোধী হয়ে ব্যবহারিক শিক্ষা আর সৃজনশীলতাকে প্রাধান্য দেন। ছবির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছিল লাদাখের বিভিন্ন স্থানে, বিশেষ করে বিখ্যাত প্যাংগং লেকের তীরে।

আজ বাস্তবের আন্দোলনে সেই লাদাখেই আবার আলোচনায় উঠে এসেছেন সোনম ওয়াংচুক, যাকে একসময় বলিউড পর্দায় জীবন্ত করেছিলেন আমির খান।