যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শরীয়াহ আইন কার্যকর হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘে দেওয়া এক ভাষণে তিনি শহরটির প্রথম মুসলিম মেয়র সাদিক খানের কঠোর সমালোচনা করে এ মন্তব্য করেন।
\r\nভাষণে ট্রাম্প বলেন, “ইউরোপ ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। অবৈধ অভিবাসীরা প্রবেশ করছে, অথচ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।” এরপর তিনি সাদিক খানের প্রসঙ্গ টেনে তাকে ‘ভয়াবহ মেয়র’ আখ্যা দেন এবং অভিযোগ করেন, খান নাকি লন্ডনে শরীয়াহ আইন বাস্তবায়ন করতে চান।
\r\nতিনি আরও দাবি করেন, ইউরোপের অভিবাসন ব্যবস্থা বিপর্যস্ত এবং রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
\r\nতবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লন্ডনের মেয়র সাদিক খান কিংবা শহর প্রশাসন কখনোই শরীয়াহ আইন বাস্তবায়নের কথা বলেননি। তাদের ভাষায়, ট্রাম্পের মন্তব্য বিভ্রান্তিকর।
\r\nএদিকে ট্রাম্পের বক্তব্যের পর লন্ডনের মেয়র কার্যালয় এক বিবৃতিতে জানায়, “আমরা ভিত্তিহীন এই দাবিকে গুরুত্ব দিতে চাই না।” বিবৃতিতে আরও বলা হয়, “লন্ডন বিশ্বের সেরা শহরগুলোর একটি। যুক্তরাষ্ট্রের অনেক শহরের তুলনায় এটি আরও নিরাপদ। মার্কিন নাগরিকরা চাইলে এখানে চলে আসতে পারেন—তাদের আমরা স্বাগত জানাবো।”





