বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে ড. মোশাররফ হোসেনের সঙ্গে ছিলেন তাঁর পুত্র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন ড. খন্দকার মারুফ হোসেন। পোস্টে তিনি এই মুহূর্তকে নিজের “জীবনের সেরা মুহূর্ত” বলে অভিহিত করেন।
তিনি লেখেন, “আজ লন্ডন সময় সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। যা চিরকাল মনে রাখার মতো—জীবনের সেরা মুহূর্ত।”
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয় বলে বিএনপি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





