শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ সাত আসামি জামিনের জন্য আবেদন করেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে আসামিদের পক্ষে আইনজীবী কায়েস আহমেদ অর্ণব ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন। কায়েস আহমেদ জানান, “আজ বিকেলে জামিনের বিষয়ে শুনানি হবে। আশা করছি, তাদের জামিন মঞ্জুর হবে।”

জামিন আবেদন করা অন্যরা হলেন— গোলাম মোস্তফা, জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, মো. শফিকুল ইসলাম দেলোয়ার ও আব্দুল্লাহীল কাইউম।

মামলার পটভূমি: ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটে (ডিআরইউ) অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে হট্টগোলের সময় ‘মব হামলার’ শিকার হওয়া লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকসহ মোট ১৪ জনকে পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে এ ১৪ জনসহ মোট ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়। পরদিন আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণীতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার সম্ভাব্য ষড়যন্ত্র প্রতিহত করার উদ্দেশ্যে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। সংগঠনটি বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে জাতির অর্জন রক্ষা ও আত্মত্যাগের প্রস্তুতি গ্রহণের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ২৮ আগস্ট সকাল ১০টায় একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।