সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন তার আইনজীবীরা প্রত্যাহার করেছেন।


\r\n

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট শাখা থেকে জামিন আবেদন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী মহসিন রেজা।


\r\n

এদিকে একই মামলায় গ্রেপ্তার অন্য ১৫ জনের মধ্যে ছয়জন—গোলাম মোস্তফা, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন, শফিকুল ইসলাম ও আবদুল্লাহীল কাইয়ুম—জামিন আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন।


\r\n

গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় যোগ দিতে যান লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান, সাংবাদিক মনজুরুল আলম পান্নাসহ কয়েকজন। আলোচনায় প্রথমে বক্তব্য রাখেন অধ্যাপক হাফিজুর রহমান। তার বক্তব্য শেষে হঠাৎ মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে প্রবেশ করে ব্যানার ছিঁড়ে ফেলে এবং অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান, মনজুরুল আলমসহ ১৬ জনকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পরদিন আদালত সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেদিন লতিফ সিদ্দিকী ছাড়া অন্যদের জামিন আবেদনও নাকচ করা হয়েছিল।


\r\n

পরবর্তীতে ২৯ আগস্ট লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলে তিনি ওকালতনামায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। তখন উপস্থিত আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আদালতের প্রতি তার কোনো আস্থা নেই।