লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে সাংবাদিক তারেক মাহমুদের ওপর মব সৃষ্টি করে হামলা ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের ৪নং ওয়ার্ডের মৎস্য অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ শাহিন ও কিরণ নামে দু’জনকে গ্রেপ্তার করেছে।
আহত তারেক মাহমুদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার, স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমসের স্টাফ রিপোর্টার এবং যুমুনা টিভির ক্যামেরা পার্সন হিসেবে কাজ করছেন। তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
তারেক মাহমুদ জানিয়েছেন, মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় এক অপরিচিত ব্যক্তি তার পথ রোধ করে গালমন্দ শুরু করেন। কিছুক্ষণের মধ্যে দুটি রিকশা যোগে আরও কয়েকজন ব্যক্তি মব সৃষ্টি করে পরিকল্পিতভাবে হামলা ও হত্যা চেষ্টা চালায়। তিনি বলেন, হামলাকারীরা তার চোখ নষ্ট করতে বারবার চাবি দিয়ে আঘাত করার চেষ্টা করে। শুধুমাত্র স্থানীয়দের তৎপরতায় তিনি প্রাণে বেঁচে যান।
এলাকাবাসী জানিয়েছে, স্থানীয় বিএনপি কর্মী কিরণ ও ফরিদ এই হামলার নেতৃত্ব দেন। তারা দোষীদের যথাযথ বিচারের দাবি জানিয়েছেন।
লক্ষ্মীপুরের সাংবাদিক সমাজও এই হামলার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি করেছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।





