বিজ্ঞান বিষয়ক সাব্জেক্টিভ র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে জায়গা করে নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) যুক্তরাজ্য ভিক্তিক টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং সংস্থা এ তালিকা প্রকাশ করে। 


এ র‍্যাংকিং এ বিজ্ঞান বিষয়ক সাব্জেক্টে দেশসেরা ৭ম স্থানে এবং বিশ্বে ৫০১-৬০০ তম র‍্যাংকে আছে নোবিপ্রবি। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগগুলোর পড়াশোনা,গবেষণা, শিক্ষার পরিবেশ, কর্মসংস্থান এবং সুযোগ সুবিধার উপর ভিক্তি করে এ র‍্যাংকিং প্রকাশ করা হয়। পূর্বে একই র‍্যাংকিং সংস্থাতে সামগ্রিকভাবে দেশ সেরা ১২ তম, বিশ্বে ১২০১-১৫০০ তম স্থানে এবং গবেষণায় ৭২২ তম হওয়ার গৌরব অর্জন করে। 


এ ব্যাপারে নিজের উচ্ছাস প্রকাশ করে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, র‍্যাংকিং এর এ খবরে আমি এবং আমাদের নোবিপ্রবির সবাই অত্যন্ত আনন্দিত। আমি ধন্যবাদ জানাতে চাই এ র‍্যাংকিং এর পিছনে শ্রম দেওয়া সকল অংশীজনকে, রিসার্চ সেল,শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা সহ সকলকে। আমরা চাই একসাথেই আমরা আমাদের এ র‍্যাংকিংকে আরো সামনে নিয়ে যেতে পারবো। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।