রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ৫০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া। এই অর্থ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রমে ব্যবহার করবে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।


সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউএনএইচসিআর।


সংস্থাটি জানায়, অনুদানের অর্থ মূলত প্রতিবন্ধী অন্তর্ভুক্তি, সুরক্ষা কার্যক্রম এবং রান্নার জন্য এলপিজি সরবরাহ জোরদারে ব্যয় করা হবে। বিশেষ করে প্রতিবন্ধী শরণার্থীদের সহায়তায় প্রাথমিক শনাক্তকরণ, পুনর্বাসন, সহায়ক যন্ত্র সরবরাহ, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা এবং সহজে ব্যবহারযোগ্য গোসলখানা ও শৌচাগার নির্মাণের মতো উদ্যোগ নেওয়া হবে।


এলপিজি সরবরাহ অব্যাহত থাকায় রোহিঙ্গারা পরিচ্ছন্ন রান্নার জ্বালানি ব্যবহার করতে পারবে। এর ফলে নারী ও কিশোরীদের নিরাপত্তা ঝুঁকি কমেছে, শিশুদের পড়াশোনার সময় বেড়েছে এবং শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় পরিবেশগত ক্ষতিও হ্রাস পেয়েছে।


বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, “রোহিঙ্গা শরণার্থীদের চাহিদা দিন দিন বাড়ছে, বিশেষ করে প্রতিবন্ধী শরণার্থীদের ক্ষেত্রে। এই কঠিন সময়ে দক্ষিণ কোরিয়ার জনগণ ও সরকারের উদার সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনরক্ষাকারী সহায়তার ঘাটতি পূরণে এটি বড় ভূমিকা রাখবে।”