মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসায় বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শরণার্থীদের সহায়তায় এগিয়ে আসা এশিয়ার অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।
রোববার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক প্রেস বিবৃতিতে জানায়, মিয়ানমারে সহিংসতা ও নিপীড়নের শিকার রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র টমাস “টমি” পিগট বলেন, “আমরা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়া বাংলাদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং একইসঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোর মানবিক ভূমিকাকেও সম্মান জানাই।”
প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর কয়েক মাসের মধ্যেই সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগেও দেশে অবস্থান করছিল প্রায় চার লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারসহ আশপাশের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বসবাস করছে। প্রতি বছর এসব ক্যাম্পে জন্ম নিচ্ছে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু।
মানবিক এই সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।





