রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে আজ রোববার (২৪ আগস্ট) থেকে কক্সবাজারের উখিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে বিশ্বের ৪০টি দেশ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের উদ্বোধনী দিনে উপস্থিত থাকার কথা রয়েছে নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের।

প্রথম দুই দিনে পাঁচটি পৃথক কর্ম-অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে বিস্তারিত আলোচনা হবে। মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে—রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা জোরদার করা এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি।

সম্মেলনের তৃতীয় দিন, ২৬ আগস্ট, অংশগ্রহণকারীরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

সম্মেলনকে ঘিরে কক্সবাজার জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

সূত্রে জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগে এটি একটি পূর্ব প্রস্তুতিমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যেখানে রোহিঙ্গা সংকট পুনরায় আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনা হবে।