রোহিঙ্গা সংকট নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজারে পৌঁছেছেন। সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় এই সংলাপে বক্তব্য রাখবেন তিনি। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এই সংলাপ থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশ আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠেয় সম্মেলনে উপস্থাপন করবে সরকার।

আজই (২৫ আগস্ট) মিয়ানমারের সেনা নির্যাতনের মুখে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের আট বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে রাখাইন রাজ্যে সামরিক অভিযান থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে প্রায় আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। গত দেড় বছরে আরও দেড় লাখের মতো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে শিবিরে বসবাস করছে প্রায় ১৪ লাখ রোহিঙ্গা।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে ২০১৭ সালের শেষ দিকে তাদের ফিরিয়ে নিতে সম্মত হয় মিয়ানমারের তৎকালীন অং সান সু চি সরকার। ওই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তিও সই হয়।

পরবর্তীতে রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনার ভিত্তিতে ২০১৯ সালে দুই দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়। তবে মিয়ানমার সরকারের প্রতিশ্রুতিতে আস্থা না থাকায় রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে অস্বীকৃতি জানায়, ফলে প্রত্যাবাসন প্রক্রিয়া থমকে যায়।

বিশেষজ্ঞরা মনে করছেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে আরও কার্যকর কূটনৈতিক উদ্যোগ ও আস্থার পরিবেশ তৈরি না হলে সমস্যা দীর্ঘায়িত হতে থাকবে।