রোমানিয়ার সীমান্ত পুলিশ মরক্কো ও তুরস্কের ১৩ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে। তারা সবাই একটি মালবাহী ট্রাকের ভেতরে লুকিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করছিলেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটে ক্যালাফাট–বিদীন টোল স্টেশনের কাছে পার্কিং এলাকায় রোমানিয়া ও বুলগেরিয়ার সীমান্ত পুলিশের যৌথ অভিযানে তুরস্কে নিবন্ধিত একটি ট্রাক থামানো হয়। নথি অনুযায়ী ট্রাকটি ধাতব সামগ্রী ও রেজিন ভর্তি প্যালেট বহন করছিল। ৪৬ বছর বয়সী এক তুর্কি নাগরিক ট্রাকটি চালাচ্ছিলেন এবং তিনি তুরস্ক থেকে ফ্রান্সের দিকে যাচ্ছিলেন।
তল্লাশির সময় কার্গো বগির ভেতর থেকে ১৩ জন বিদেশিকে পাওয়া যায়। তাদের কারও কাছে বৈধ ভ্রমণ নথি ছিল না এবং তারা রোমানিয়ায় প্রবেশের শর্তও পূরণ করছিলেন না। তদন্তে জানা গেছে, তারা সবাই মরক্কো ও তুরস্কের নাগরিক।
রোমানিয়ার কর্মকর্তারা জানান, ট্রাকের ভেতর লুকিয়ে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। আটক অভিবাসী, ট্রাকচালক এবং ট্রাকটি পরবর্তী আইনি তদন্তের জন্য বুলগেরিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গিউরজিউ আঞ্চলিক সীমান্ত পুলিশ জানায়, অবৈধ অভিবাসন রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। রোমানিয়া–বুলগেরিয়া সীমান্ত দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক তুর্কি মালবাহী ট্রাক যাতায়াত করে এবং এসব যান ব্যবহার করে মানবপাচারের ঘটনাও প্রায়ই সামনে আসে।
\r\n\r\n\r\n\r\n\r\n
চলতি বছরের জানুয়ারি থেকে রোমানিয়া শেনজেন অঞ্চলের স্থলসীমান্তেও যুক্ত হয়েছে। এর আগে ২০২৪ সালের ৩১ মার্চ দেশটির সমুদ্র ও আকাশসীমা শেনজেনভুক্ত হয়। এখন স্থল সীমান্ত নিয়ন্ত্রণও তুলে নেওয়া হয়েছে।





