যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক একটি “রোবট সেনাবাহিনী” তৈরির পরিকল্পনা করছেন। মাস্কের দাবি, এটি পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নয়, বরং টেসলার ভবিষ্যৎ ও রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকল্পে বড় প্রভাব ফেলবে। শুক্রবার রুশ গণমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

\r\n

মাস্কের মতে, হিউম্যানয়েড রোবটগুলো শারীরিক শ্রমের কাজ গ্রহণ করে দারিদ্র্য হ্রাসে সহায়তা করতে পারে এবং সমাজে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তিনি টেসলার হিউম্যানয়েড রোবট ‘অপ্টিমাস’–কে “অবিশ্বাস্য সার্জন” হিসেবে উল্লেখ করে বলেন, এর ব্যাপক ব্যবহার এমন এক ভবিষ্যৎ তৈরি করতে পারে যেখানে কাজ হবে ঐচ্ছিক এবং সবাই পাবে উন্নত চিকিৎসা সেবা।

\r\n

তবে মাস্ক মনে করছেন, টেসলার ওপর তার পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকলে তিনি এই ধরনের প্রকল্পে আত্মবিশ্বাসী বোধ করবেন না। এজন্য তিনি কোম্পানিতে তার ভোটাধিকার প্রায় ২৫ শতাংশে উন্নীত করার চেষ্টা করছেন। পাশাপাশি তিনি ৯৭৫ বিলিয়ন ডলারের সম্ভাব্য ক্ষতিপূরণ প্যাকেজের পক্ষেও যুক্তি দিচ্ছেন, যা পরবর্তী ১০ বছরে বিতরণ করা হবে যদি টেসলা কিছু নির্দিষ্ট উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন করতে পারে।

\r\n

সেসব লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে টেসলার বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার থেকে ৮.৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা, ২০ মিলিয়ন বৈদ্যুতিক গাড়ি সরবরাহ, ১ মিলিয়ন রোবোট্যাক্সি এবং ১ মিলিয়ন অপ্টিমাস হিউম্যানয়েড রোবট তৈরি। এই লক্ষ্য পূরণ হলে টেসলায় মাস্কের মালিকানা ১৩ শতাংশ থেকে ২৫ শতাংশে পৌঁছাবে।

\r\n

বর্তমানে টেসলার হিউম্যানয়েড রোবট ‘অপ্টিমাস’ ইতোমধ্যে কোম্পানির বিভিন্ন ইভেন্টে সহজ কাজ সম্পাদন করছে। মাস্কের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ‘অপ্টিমাস ভি৩’ প্রকাশ করা হবে। নতুন সংস্করণে উন্নত হাত ও বাহু যুক্ত করা হবে, যা মাস্কের ভাষায় “রোবটটির সবচেয়ে জটিল অংশ।”