চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনমিংয়ে রেললাইন মেরামতের সময় ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনাটি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউনান প্রদেশের লুওয়াং টাউন রেলওয়ে স্টেশনের একটি বাঁকানো পথে রেলকর্মীরা কাজ করছিলেন। পথের বাঁক থাকায় তারা দ্রুতগামী ট্রেনটি আসার বিষয়টি সময়মতো বুঝতে পারেননি, ফলে ট্রেন তাদের চাপা দেয়। দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকাজ চালানো হয়। বর্তমানে স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এটি গত এক দশকের মধ্যে চীনের রেলখাতে ঘটে যাওয়া সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। দুর্ঘটনার কারণ বা দায় কার, তা তদন্ত করে দেখা হচ্ছে।

চীনের রেল নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তম, যার দৈর্ঘ্য ১ লাখ ৬০ হাজার কিলোমিটারের বেশি। যদিও এটি দক্ষতার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত, তবে বড় দুর্ঘটনা মাঝে মাঝে ঘটে থাকে। এর আগে ২০১১ সালে ঝেজিয়াং প্রদেশে একটি দুর্ঘটনায় ৪০ জন নিহত হন এবং ২০০ জন আহত হন। ২০২১ সালে গানসু প্রদেশে রেললাইন মেরামতের সময় ট্রেন চাপায় ৯ জন নিহত হন।