বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী থেকে রাস্তায় নয়, সকল কর্মকাণ্ড সংসদকেন্দ্রিক হওয়া উচিত।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শ্রমিক সংগঠনের এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ফখরুল বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে যে অপব্যবস্থা সৃষ্টি করেছে, তা এক বছরের মধ্যেই ঠিক করা কারো পক্ষে সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর উচিত দায়িত্ব নিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা এবং সংসদীয় ব্যবস্থাকে শক্তিশালী করার দিকে মনোযোগ দেওয়া। সকল কর্মকাণ্ড সংসদ কেন্দ্রিক করতে হবে।
তিনি আরও বলেন, পার্লামেন্ট না থাকলে ডেমোক্রেসি কার্যকর হবে না। বিশ্বে যেসব দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি সফল হয়েছে, সেখানে সংসদই রাজনীতির কেন্দ্রবিন্দু। তাই রাস্তায় থেকে সংসদে আসা প্রয়োজন। রাস্তায় ৫০ বছর ধরে থাকা যথেষ্ট, এখন সময় এসেছে সংসদকে শক্তিশালী করার।
বিএনপি মহাসচিব দলগুলোকে আহ্বান জানান, আগামী নির্বাচনে সবাই অংশগ্রহণ করুন, ছোটখাটো ভিন্নতাগুলো ভুলে গিয়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করুন।
তিনি বলেন, গতকাল একটি ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা ঘটেছে। বেশিরভাগ রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। এতে রাষ্ট্র কাঠামো পরিবর্তন, মূলনীতি সংশোধন, রাজনীতিকে আরও স্বচ্ছ ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গণতন্ত্রকে সুষ্ঠু ও কার্যকর করার জন্য এটি একটি বড় পদক্ষেপ।
এদিন রাজধানীর গ্রিন রোডের পানি ভবনের মাল্টিপারপাস হলে পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। গঠিত নির্বাচন কমিশনার আনোয়ার হোসাইন নতুন নেতৃত্ব হিসেবে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
সভায় পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির অনুষ্ঠান সঞ্চালনা করেন। এছাড়াও শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, পানি উন্নয়ন বোর্ডের মোস্তফা খান, আইয়ুব আলী, আবু সালেহ মো. তোফায়েল চৌধুরী, ফরিদ উদ্দিন খান, মাহমুদুল করীম, মাহবুবুল হক রিপন, বিদ্যু শ্রমিক ইউনিয়নের আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিন শ্রমিক দলের সুমন ভূঁইয়া ও উত্তরের কামরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।





