বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।


বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন।


কূটনীতিকদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক এবং দুদকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে জনকল্যাণে পরিচালনার জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।


এ সময় তিনি জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের যে গতি থাকার কথা ছিল, তা ব্যাহত হচ্ছে। তাই দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করা প্রয়োজন।


ইফতার অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।