ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খানের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার সন্ধ্যায় ঝিনাইদহে দলীয় কার্যালয়ে অনুসারীদের সামনে এ ঘোষণা দেন সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় তিনি জানান, ইতোমধ্যে তিনি মনোনয়নপত্রও ক্রয় করেছেন।
সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ছাত্রজীবন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতি করে আসছেন তিনি। ঝিনাইদহ-৪ আসনে বিএনপির তিনজন মনোনয়নপ্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত কাউকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এ কারণেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনটি কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন এবং ঝিনাইদহ সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ১২০টি ভোটকেন্দ্রে মোট ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৬ জন, নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন পাঁচজন।





