রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-ডনে একটি আবাসিক ভবনে রাশিয়ার নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং প্রত্যক্ষদর্শীর বর্ণনার ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছে তারা।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে শহরজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময়ে রাশিয়ার টেলিগ্রামভিত্তিক বিভিন্ন মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার দৃশ্যও ছড়িয়ে পড়ে। ওই রাতে রাশিয়ার কর্তৃপক্ষ ইউক্রেনীয় ড্রোন হামলার সতর্কতা জারি করে এবং রোস্তভ অঞ্চলের জন্য একাধিক ক্ষেপণাস্ত্র সতর্কবার্তা দেয়।
রোস্তভ-অন-ডনের মেয়র আলেকজান্ডার স্ক্রিয়াবিন একটি আবাসিক ভবনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি দাবি করেন, ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এ অগ্নিকাণ্ড ঘটেছে। অন্যদিকে, রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানান, একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগার ঘটনায় একজন নিহত হয়েছেন।
গভর্নর স্লিউসার আরও বলেন, একই ঘটনায় একটি শিল্পপ্রতিষ্ঠানেও আগুন লেগেছে, যদিও তিনি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি। পাশাপাশি একটি বহুতল আবাসিক ভবনেও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল কাজ করছে বলেও জানান তিনি। ধারণা করা হচ্ছে, ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করতে ছোড়া প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হানায় এই ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে।
ইউক্রেনের গণমাধ্যমের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ইঙ্গিত পাওয়া যায় যে এমপিলস পেইন্ট কোটিং কারখানার জ্বালানি সংরক্ষণ ট্যাংক ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এই ক্ষয়ক্ষতি ইউক্রেনীয় হামলা নাকি রাশিয়ার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবর্ষণের ফলে হয়েছে, সে বিষয়ে মস্কো তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করেনি।
রাশিয়ার কর্মকর্তাদের বক্তব্য কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কিয়েভ ইনডিপেনডেন্ট। ফলে ঘটনাটি ভুলবশত নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাত নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগেও ইউক্রেনীয় আকাশ হামলা প্রতিহত করতে গিয়ে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র নিজেদের ভূখণ্ডে আঘাত হানার নজির রয়েছে। অন্যদিকে, ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে কখনো কখনো ভুয়া হামলার নাটক সাজিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও করা হয়েছে।
ঘটনার বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। তবে ইউক্রেন নিয়মিতভাবে রাশিয়ার ভেতরে সামরিক ও শিল্প স্থাপনায় দূরপাল্লার হামলা চালাচ্ছে, যার বড় অংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোনের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
রোস্তভ-অন-ডন শহরটি রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। আজভ সাগরের তীরবর্তী এই শহরের বন্দর ও আশপাশের শিল্পাঞ্চলকে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়ে আসছে।





