ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে রাশিয়া। সোমবার (২৩ জুন) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, এই হামলা কেবল সংঘাতে আরও পক্ষ জড়িয়েছে না, বরং পরিস্থিতিকে আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছে দিয়েছে।

\r\n

পেসকভ বলেন, “এই হামলা যুদ্ধক্ষেত্রে আরও পক্ষকে যুক্ত করেছে এবং উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। এটা স্পষ্ট যে, পরিস্থিতি এখন অনেক বেশি জটিল।”

\r\n

তিনি আরও জানান, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি তৈরি হয়েছে কি না—তা এখনো পুরোপুরি জানা যায়নি। তবে ইরানি ভূখণ্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে মস্কো ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

\r\n

রুশ মুখপাত্র জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি। যদিও তারা সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনায় ছিলেন।

\r\n

রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে—জানতে চাইলে পেসকভ বলেন, “মস্কো মধ্যস্থতাকারী ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছে। তবে আমাদের ভবিষ্যৎ পদক্ষেপ নির্ভর করবে ইরান কী চায় তার ওপর।”

\r\n

বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই প্রতিক্রিয়া কূটনৈতিক সমাধানের বার্তা দিলেও মধ্যপ্রাচ্যে সংঘাত আরও জটিল আকার ধারণ করতে পারে।