রামপুরায় জুলাই গণ-আন্দোলনের সময় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় রায় ঘোষণা স্থগিতের আবেদন জানিয়েছে প্রসিকিউশন। বুধবার (৪ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ আবেদন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রসিকিউটর জানান, গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত এক পুলিশ কর্মকর্তার কল রেকর্ড পাওয়া গেলেও তাকে মামলায় আসামি করা হয়নি। এ কারণেই রায় না দিতে আবেদন করা হয়েছে।

এর আগে ১৫ ফেব্রুয়ারি উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য দিন নির্ধারণ করেন। মামলায় অভিযোগ, আন্দোলন চলাকালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা হয় এবং আরও দুজন নিহত হন।

মামলায় ঢাকা মহানগর পুলিশের কমিশনারসহ মোট পাঁচজন আসামি রয়েছেন। গত ২৯ জানুয়ারি প্রসিকিউশন তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে যুক্তিতর্ক উপস্থাপন করে।

পাঁচ আসামির মধ্যে বর্তমানে গ্রেপ্তার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার।