লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণার পরপরই ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে। ঘোষণার এক দিনের মধ্যেই ২৮ জন পদত্যাগ করেছেন এবং একইসঙ্গে কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পদত্যাগকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি গঠনের আল্টিমেটাম দিয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগ ও আল্টিমেটামের বিষয়ে জানানো হয়। আন্দোলনকারী ছাত্রদের একাংশের পক্ষ থেকে বক্তব্য দেন যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ।

তারা অভিযোগ করেন, কমিটিতে বহিরাগতদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন নোয়াখালীর বাসিন্দা, যা স্থানীয় আন্দোলনকারীদের জন্য অগ্রহণযোগ্য। তারা দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি গঠন না করা হলে স্থানীয় ছাত্রদের নিয়ে আলাদাভাবে কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল ছয় মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেন। এতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব, রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদকে মুখ্য সংগঠক ও ইস্টার্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী বায়েজিদ হোসাইনকে মুখপাত্র করা হয়।