জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগমারা উপজেলা কমিটির তিন সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন—হাদিউজ্জামান রাফি, ফুয়াদ হাসান গানিম ও রাবিউল ইসলাম রাহুল।

\r\n

পদত্যাগপত্র কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর পাশাপাশি, গত ১৯ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টেও তারা পদত্যাগের ঘোষণা দেন। ব্যক্তিগত ও মতাদর্শগত কারণে কমিটি থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন তারা।

\r\n

সূত্র জানায়, ১৭ জুন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ২০ সদস্যের বাগমারা উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আলী মর্তুজাকে প্রধান সমন্বয়কারী এবং রফিকুল ইসলাম ও আল-আমিনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়।

\r\n

কমিটির মেয়াদ নির্ধারণ করা হয় অনুমোদনের পরবর্তী তিন মাস বা পূর্ণাঙ্গ উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত।

\r\n

কমিটিতে নিজের নাম অন্তর্ভুক্ত হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করে হাদিউজ্জামান রাফি বলেন, “আমি আগেই জানিয়েছিলাম যে রাজনীতিতে সক্রিয় হতে চাই না, কিন্তু তবু নাম রাখা হয়েছে। তাই লিখিতভাবে পদত্যাগ করেছি।”

\r\n

ফুয়াদ হাসান গানিম বলেন, “আমি বিএনপি পরিবারের সদস্য। অনিচ্ছার কথা বারবার বললেও আমাকে কমিটিতে রাখা হয়, তাই বাধ্য হয়ে পদত্যাগ করেছি।”

\r\n

রাবিউল ইসলাম রাহুল বলেন, “আমি ব্যবসায়ী মানুষ। রাজনীতিতে জড়াতে চাই না। তাই নিজেকে কমিটি থেকে সরিয়ে নিয়েছি।”

\r\n

এ বিষয়ে উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আলী মর্তুজা বলেন, “তারা পারিবারিক বা সামাজিক চাপের কারণে সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে এটি তাদের ব্যক্তিগত বিষয়। কেন্দ্রীয় কমিটি এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।”