ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রিটকারী নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকিসহ নানা ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে ছাত্রদল।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টায় ক্যাম্পাসের প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়।


অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিট করা এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়েছে শিবিরের এক নেতা। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিবির কর্মীদের অব্যাহত সাইবার বুলিংয়েরও নিন্দা জানানো হয়।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সরদারসহ অন্য নেতাকর্মীরা।