নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা নিরসনে দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে সব পক্ষকে সমঝোতায় আসতে হবে। শনিবার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পরদিন রোববার (২৫ মে) রাজধানীর বিভিন্ন স্থানে বক্তব্য দেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

\r\n

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক বাম ঐক্যের এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “সরকারি সম্পদের অপব্যবহার করে যারা নতুন রাজনৈতিক দল গড়েছেন, তারা চিহ্নিত। আন্দোলনের নামে দামি গাড়িতে ঘোরা নেতাদের সম্পদের উৎস সম্পর্কে জনগণ এখনও জানে না।”

\r\n

তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনীতির আকাশে আবারও দুর্যোগ সৃষ্টির পাঁয়তারা চলছে। স্বৈরাচার পতনের পর আবারও অধিকার আদায়ের আন্দোলন করতে হচ্ছে—এটা অত্যন্ত দুঃখজনক। বিএনপি বিচার, সংস্কার ও অবাধ নির্বাচনের পক্ষে। সব কিছু বাদ দিয়ে জনগণের কাতারে ফিরতে হবে।”

\r\n

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু আলোচনায় বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তখন বিএনপি তার পাশে ছিল। শেখ হাসিনা সরকার তাকে দাবিয়ে রাখতে চাইলেও, খালেদা জিয়া তার পক্ষে অবস্থান নিয়েছেন।”

\r\n

ইতোমধ্যে আলোচিত এনসিপি নেতা হাসনাত ও সারজিসকে নিয়েও প্রশ্ন তোলেন বুলু। তিনি বলেন, “এক সময় যারা সাধারণ জীবনযাপন করতেন, তারা এখন লাখ টাকার গাড়িতে চড়েন, দামি পোশাক পরেন—এই হঠাৎ উত্থান জনগণের সামনে পরিষ্কার হওয়া দরকার।”

\r\n

ড. ইউনূসের উপদেষ্টা পরিষদ নিয়েও সরব হন বিএনপি নেতা। বুলু বলেন, “২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের পিএস ছিলেন খলিলুর রহমান। এখন তিনি বিদেশি পাসপোর্টধারী হয়ে উপদেষ্টা পরিষদে বসেছেন! এমনকি বিতর্কিত চরিত্রের দাবিদার ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করাও দেশের জন্য অশনি সংকেত।”

\r\n

তিনি অভিযোগ করেন, “মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশ পরিচালনা করা হলেও বাস্তবে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে। বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেয়া যাবে না।”

\r\n

অন্যদিকে, সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “চলমান সংকট আরও জটিল করে তোলার জন্য নির্দিষ্ট কিছু উপদেষ্টা কাজ করছেন। ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টায় দেশের জনগণ সাড়া দেবে না।”

\r\n

বিএনপির নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা ছাড়া রাজনৈতিক সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।