দেশের শীর্ষস্থানীয় রাজনীতিক ও উচ্চপদস্থ আমলাদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতার তীব্র সমালোচনা করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, প্রভাবশালী রাজনীতিবিদ ও আমলারা যদি দেশের সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন, তাহলে হাসপাতাল ব্যবস্থাপনা আরও জবাবদিহিমূলক ও সক্রিয় হবে, যার সুফল ভোগ করবে সাধারণ জনগণ।
\r\nবৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
\r\nফুয়াদ বলেন, \"যদি রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা সরকারি হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে হাসপাতালগুলোর চিকিৎসা সরঞ্জাম সবসময় সচল রাখা হবে এবং স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে।\"
\r\nসাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের সাম্প্রতিক বিদেশ গমন এবং ফেরার বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফুয়াদ বলেন, \"সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ কোনো রাষ্ট্রীয় কর্মকর্তা-কর্মচারীর চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পক্ষে নই। আমাদের দেশে এমন ধারণা তৈরি হয়েছে, বিদেশে চিকিৎসা না নিলে যেন পরপারে গিয়ে জবাব দিতে হয়—কেন গরিবদের হাসপাতালে গিয়ে মারা গেলে!\"
\r\nতিনি সাবেক রাষ্ট্রপতি হামিদের বিদেশ যাত্রা ঘিরে বিমানবন্দরের কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করার ঘটনায় বিরোধিতা করেন এবং প্রশ্ন তোলেন, \"যদি তার বিদেশে যাওয়ার কোনো আইনগত বাধা না থাকে, তাহলে তাকে আটকে দেওয়ার যুক্তি কী?\"
\r\nচলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কার্যক্রমে এখনো আস্থা হারানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তিনি বলেন, \"জাতীয় ঐকমত্য গঠনে ইউনূস সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, এবি পার্টি সবসময় তার পাশে ছিল।\"
\r\nএ সময় তিনি শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই বৈঠকে দেশের রাজনীতিতে ইতিবাচক অগ্রগতি হতে পারে।”
\r\nসংবাদ সম্মেলনে ঈদের পর নিজ নির্বাচনী এলাকা বাবুগঞ্জ-মুলাদী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ঘুরে আসার অভিজ্ঞতা তুলে ধরেন ফুয়াদ। তিনি বলেন, \"সড়ক নির্মাণে প্রতি কিলোমিটারে ইউনিয়নে ৮৪ লাখ ও পৌর এলাকায় আড়াই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। অথচ প্রকৃত খরচ তার চেয়ে অনেক কম—ইউনিয়নে ৩০ লাখ ও পৌর এলাকায় ৮৪ লাখ টাকাতেই আন্তর্জাতিক মানের সড়ক নির্মাণ সম্ভব।\"
\r\nতিনি এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান





