বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, রাজনীতি করতে হবে সেবা ও সম্মানের জন্য। কেউ নেতা হয়ে মোড়লগিরি বা ব্যক্তিগত উপকারের জন্য রাজনীতি করতে পারবে না। রাজনীতি ইনকাম করার মাধ্যম হতে পারে না।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, ৫ আগস্টের পর থেকে তারেক রহমান জিয়াউর রহমানের স্বপ্ন লালন করে খালেদা জিয়ার মতো আপসহীনভাবে কাজ করার পরিকল্পনা করছেন। তিনি নতুন ধারার রাজনীতি ও সমাজ ব্যবস্থা দেশকে উপহার দেবেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, যা আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথাগুলো। আগের ধরণের রাজনীতি আর চলবে না, ১৭ বছরের পুরনো ট্রেন্ডের রাজনীতিও শেষ হয়েছে।





