রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগ। গ্রেফতার হওয়া দুজন হলেন মিলন হোসেন (৩৯) এবং শামিল ওরফে শামিল হোসাইন (২২)।
শুক্রবার ৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি জানায়, সেদিন বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চলাকালে গোপন তথ্যে জানা যায়, ধোলাইপাড় টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে। তথ্য পাওয়ার পর ডিবির দল দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা দুজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
\r\nতল্লাশিতে তাদের কোমরের পেছনে লুকিয়ে রাখা দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
\r\nগ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





