বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে এক খুদে বার্তায় এ তথ্য জানায় বিজিবি।
বার্তায় বলা হয়, সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিমানবন্দর, পূর্বাচলের ৩০০ ফিট এলাকা ও গুলশানসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছে তিনি দলের শীর্ষ নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে লন্ডন থেকে আসা বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতির পর সকাল ১১টার পর বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয় এবং প্রায় ৪০ মিনিটের যাত্রা শেষে ঢাকায় পৌঁছে।
এদিকে, আজ সকালে দেশের আকাশসীমায় প্রবেশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।”
\r\n\r\n\r\n\r\n\r\n
সূত্র জানায়, বিমানবন্দর থেকে তারেক রহমান রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট এলাকা) যাবেন, যেখানে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন। পরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।





