রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় ভূঁইয়া পরিবহণের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে আগুন লাগার সময় বাসে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাসটি উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা ছিল। উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম বলেন, বাসটি পার্কিং অবস্থায় থাকলেও চালক ও সহকারী (হেল্পার) ইঞ্জিন চালু রেখে নিচে চা পান করতে নেমেছিলেন। সেই সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল ১০টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। যেহেতু বাসে কেউ ছিলেন না, কোনো প্রাণহানি ঘটেনি এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।