ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এই তথ্য জানান।


তিনি বলেন, প্রতি মাসে গড়ে প্রায় ২০টি হত্যাকাণ্ড ঘটে। বেশির ভাগ ঘটনাই রহস্য উদঘাটন করা হয়েছে বলে দাবি করেন তিনি।


তালেবুর রহমান জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেপ্তার করার পর মূল তথ্য জানা যাবে। তবে এ পর্যন্ত পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।


এর আগে, সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবীর পুরোনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানের বাইরে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়।