রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর একটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। মিরপুর-১ নম্বরে শতাব্দী পরিবহন নামে ওই বাসে আগুন লাগার সময় আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছুটতে থাকে।
ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত জানা যায়নি।
এর আগে সকালেও রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, উত্তরার জসীম উদ্দীন রোডে হায়েস মাইক্রোবাসটির ইঞ্জিন ওভার হিটের কারণে আগুনের সূত্রপাত। এতে সামনের অংশ পুড়ে যায়, তবে কোনো হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার জানান, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। গাড়ি চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটির কারণে আগুন লেগেছিল। পরে ড্রাইভার গাড়ি সড়কের পাশে থামিয়ে নিরাপদ দূরত্বে চলে যান। পুলিশ পরে তার সঙ্গে যোগাযোগ করেছে।





