রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানিয়েছেন, রাজধানীতে প্রায় ৩০০টি ছোট-বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত হয়েছে।


সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।


রাজউক চেয়ারম্যান বলেন, “সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে না। তাই সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।”


তিনি আরও বলেন, “যথাযথ নিয়ম মেনে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। রাজউকে কোনো কাজের বিনিময়ে অর্থ নেয় না।”


রিয়াজুল ইসলাম বলেন, “রাজউক কাউকে প্ল্যান করে দেয় না। বাড়িওয়ালারাই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে বাড়ির প্ল্যান তৈরি করে রাজউকে জমা দেয়, শর্ত থাকে যে রাজউকের নিয়ম মেনে কাজ করবেন। পরবর্তীতে যদি তা না মানা হয় এবং জরিমানা বা শাস্তি দিতে হয়, তা বাড়িওয়ালাদের জন্যই প্রযোজ্য। এর দায়ভার রাজউকের নয়।”


তিনি আরও উল্লেখ করেন, সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস আলাদাভাবে কাজ করায় শহরে পরিস্থিতি বিশৃঙ্খল।