গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে গণভবন অভিমুখে সাইকেল র্যালি করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। রোববার (৫ আগস্ট) ভোর ৫টার দিকে এই র্যালি অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ঢাবি শিবির জানায়, ৫ আগস্টের জাতীয় রাজনৈতিক তাৎপর্য স্মরণ এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানোর লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়। টিএসসি চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণভবন অভিমুখে যায়। পরে অন্য একটি সড়ক ধরে র্যালিটি বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা বহন করেন। তারা বিভিন্ন দাবি ও বার্তা সংবলিত প্ল্যাকার্ড বহন এবং স্লোগানের মাধ্যমে কর্মসূচি পালন করেন। এ কর্মসূচির মধ্য দিয়েই শুরু হলো ঢাবি শিবিরের তিন দিনব্যাপী কর্মসূচি।
শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেন, “আজকের দিনটি আজাদির দিন, মুক্তির দিন। আমরা সে চেতনায় উদ্বুদ্ধ হয়েই এই সাইকেল র্যালির আয়োজন করেছি। গত বছর যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম, তখনও আমরা ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলাম। আজও সেই আবেগ ও চেতনাকে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ।”
তিনি আরও বলেন, “আমাদের স্বাধীনতা শহীদদের রক্তের বিনিময়ে এসেছে। কিন্তু ফিলিস্তিন আজও পরাধীন। আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই ফিলিস্তিনেও আজাদির পতাকা উড়বে, ইনশাআল্লাহ।”
র্যালিতে অংশ নেন সংগঠনের সাবেক ঢাবি শাখার প্রচার সম্পাদক আসিফ আব্দুল্লাহ, হোসাইন আহমাদ জোবায়ের এবং বর্তমান সভাপতি এস এম ফরহাদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমান, প্রচার সম্পাদক মেফতাহুল মারুফসহ অন্যান্য নেতারা।





