নগরের সৌন্দর্য রক্ষা করতে রাজধানীজুড়ে নেতাকর্মীদের নামে-বেনামে লাগানো সব ধরনের ব্যানার ও ফেস্টুন অপসারণে উদ্যোগ নিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যেই এসব ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হবে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা ব্যানার খুলে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় তিনি বলেন, রাজনৈতিক মত প্রকাশের একটি মাধ্যম হিসেবে ব্যানার-ফেস্টুন ব্যবহৃত হলেও এর কারণে যদি নাগরিক অধিকার ক্ষুণ্ন হয় এবং নগরের সৌন্দর্য নষ্ট হয়, তবে তা গ্রহণযোগ্য নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, কেন্দ্রীয় যুবদল এবং ছাত্রদলের যৌথ বৈঠকে রাজধানী থেকে ব্যানার-ফেস্টুন অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের ব্যানার কিছুদিন রাখা হবে, তবে অন্যান্য সব ব্যানার আগে সরিয়ে ফেলা হবে।
তিনি বলেন, একটি সভ্য দেশে রাস্তার ধারে, বাসাবাড়ির সামনে কিংবা যত্রতত্র ব্যানার লাগানো শোভন নয়। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ের জন্য ব্যানার লাগানো যেতে পারে, কিন্তু কর্মসূচি শেষ হলে সেগুলো অপসারণ করা আমাদেরই দায়িত্ব।
তিনি জানান, রাজধানীতে ব্যানার-ফেস্টুন অপসারণের দায়িত্ব যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।





