রাঙামাটিতে আলোচিত গোলাপি রঙের বন্য হাতি শাবকটি মারা গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় শাবকটির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।

রাঙামাটির বরকল উপজেলার দুর্গম বরুণাছড়ি বাজার সংলগ্ন এলাকায় হ্রদে ভেসে আসে বিরল রঙের এই হাতি শাবকটির মৃতদেহ। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে মৃতদেহের পেছনে বন্য হাতির একটি পাল অবস্থান করায় উদ্ধার কাজ শুরু করা যায়নি।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সুবলং রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান বলেন, “হাতি শাবকটির মৃতদেহ পাওয়া গেছে, তবে এখনই কাছে যাওয়া সম্ভব নয়। শাবকটির মা ও বন্য হাতির পালটি কাছেই আছে। তাদের সরে যাওয়ার পর মরদেহ উদ্ধার করা হবে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড় থেকে নামার সময় পা পিছলে শাবকটি পানিতে পড়ে যায় এবং আর উঠতে পারেনি।

চলতি বছরের জুন মাসে কাপ্তাই হ্রদ সাঁতরে পার হওয়ার সময় একটি ভিডিওতে প্রথমবার দেখা যায় বিরল এই গোলাপি হাতিটিকে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে আলোচনা তৈরি হয়।

তখন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, গোলাপি রঙটি কোনো প্রজাতিগত ভিন্নতা নয়, বরং হরমোনজনিত বা জিনগত কারণে ত্বকের রঙের এমন অস্বাভাবিকতা দেখা দিতে পারে। শাবকটি শারীরিকভাবে স্বাভাবিক হাতির মতোই ছিল বলে উল্লেখ করেন তারা।