রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়সীমা আজ মঙ্গলবার শেষ হচ্ছে। আগামীকাল বুধবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।
এদিকে, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত চারটি প্যানেল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, যাচাই-বাছাই শেষে বুধবার প্রকাশিত তালিকায় কোন পদে কতজন প্রার্থী এবং নারী প্রার্থী কতজন রয়েছেন—সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
কমিশন সূত্রে জানা গেছে, রাকসুর ২৩টি পদে মনোনয়ন জমা পড়েছে ২৬০টি। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৫ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে লড়ছেন ৬২ জন। এছাড়া প্রতিটি হলে ১৫টি পদে মোট ১৭টি হলে মনোনয়ন জমা দিয়েছেন ৬০৩ জন প্রার্থী।





