রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মোছা. নার্গিস খাতুন। তিনি ছাত্রদল মনোনীত প্যানেলে জায়গা পেয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এ প্যানেল ঘোষণা করেন।
নার্গিস রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৪ সাল থেকে পেশাদার ফুটবলে যুক্ত তিনি। জাতীয় নারী দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। এছাড়া বসুন্ধরা কিংস নারী দলেরও সদস্য ছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে নার্গিস বলেন, “ছাত্রদল আমাকে তাদের প্যানেলে অন্তর্ভুক্ত করেছে, এজন্য আমি কৃতজ্ঞ। ছাত্রদল নারীদের সম্মান করে এবং ক্রীড়াকে উৎসাহিত করে। তাদের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।”
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের নানা সমস্যার কাছাকাছি থেকে দেখেছেন। অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা পান না।
নির্বাচিত হলে তার পরিকল্পনা নিয়ে নার্গিস বলেন, “বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। মেয়েদের জিমনেসিয়ামের মাঠ পুনরায় চালু করা, বিভাগ ও হলে মেয়েদের সমানভাবে খেলাধুলায় সম্পৃক্ত করা, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সক্রিয় অংশগ্রহণ এবং খেলোয়াড়রা যেন প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকে গুরুত্ব দেব।”





