রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে ছয় দফা দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন ছাত্রদলের নেতারা।
তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে:
\r\nস্বচ্ছতা নিশ্চিত করতে ব্যালট বাক্স অবশ্যই স্বচ্ছ হতে হবে। জাল ও ভুয়া ভোট রোধে ছবি-সংবলিত ভোটার তালিকা বাধ্যতামূলক করতে হবে। ডিজিটাল কারচুপি ঠেকাতে ভোট গণনা করতে হবে হাতে হাতে, অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে। ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কেবল বৈধ কার্ডধারী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশাধিকার দিতে হবে। ভোটকেন্দ্রের আশপাশে অপ্রয়োজনে জটলা সৃষ্টি যেন না হয়, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে হবে, কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে এবং আচরণবিধি পর্যবেক্ষণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
স্মারকলিপি দেওয়ার পর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, “এই দাবিগুলো শুধু আমাদের নয়—সব প্যানেল ও প্রার্থীদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই উপস্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে ভোটগ্রহণে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। যদিও ম্যানুয়াল গণনা সময়সাপেক্ষ, তবে প্রয়োজনীয় জনবল থাকলে তা সম্ভব।”
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “ছাত্রদলের দাবিগুলো গুরুত্বপূর্ণ। ম্যানুয়াল গণনার বিষয়টি বাস্তবায়ন কঠিন হলেও বাকি দাবিগুলো নিয়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। ইনশাআল্লাহ, সবকিছু ঠিক থাকলে সেটা সম্ভব হবে।”





