আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক নিয়োগের অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে তিনি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে দেখা করেন। সাক্ষাতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান সিইসি। প্রধান বিচারপতি সহযোগিতার আশ্বাস দেন। তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ নির্বাচন কমিশনের নিয়মিত প্রক্রিয়ার অংশ হলেও এবার সিইসি একাই তার সচিবকে সঙ্গে নিয়ে উপস্থিত হন। এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, তফসিল ঘোষণার সময় রাজনৈতিক দলসহ সব অংশীজনের সহযোগিতা কামনা করবেন সিইসি। রেওয়াজ অনুযায়ী বুধবার নাসির উদ্দিনের নেতৃত্বে ইসি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। এর আগে সকালে প্রধান বিচারপতির সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন সিইসি।
সংবাদ লোড হচ্ছে...





