আসন্ন জাতীয় নির্বাচনের আগে ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা জাকির নায়েককে বাংলাদেশে আসতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল।

মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় ঠিক করা হয়, জাতীয় নির্বাচনের আগে জাকির নায়েক ঢাকায় আসবেন না। নির্বাচনের পর তিনি আসতে পারবেন। কমিটির কারণ হিসেবে বলা হয়, নায়েক বাংলাদেশে এলে বড়সংখ্যক মানুষের সমাগম ঘটবে, যা প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের প্রয়োজন তৈরি করবে। তবে নির্বাচনের সময়ে এত সংখ্যক বাহিনী সরবরাহ করা সম্ভব নয়।

সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।া