গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুল ইসলামের (৩০) ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ অনুসারে, এই হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী আরিফুল ইসলাম সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, ছান্দিয়াপুর গ্রামের মৃত আতিকুর রহমানের ছেলে আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী যুবদল সংগঠনে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। এক সময় তিনি ইউনিয়ন যুবদলের আহ্বায়কও ছিলেন। ওই সময় থেকে ইউনিয়নের কিছু আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী তাকে টার্গেট করে আসছিলেন।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আরিফুল মোটরসাইকেলযোগে মহিষবান্দির গোফফারের মোড়ে পৌঁছান। তখন পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল নেতা তাকে পথরোধ করে। তারা লাঠি ও ধারাল অস্ত্রের মুখে মোটরসাইকেল ভাঙচুর করে নগদ টাকা ছিনিয়ে নেয় এবং আরিফুল ও সঙ্গে থাকা মনজুরুল ইসলামকে মারধর করে হত্যার চেষ্টা করে। ঘটনাস্থলে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
আরিফুল ইসলাম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং সুষ্ঠু বিচারের দাবি করেছেন।
হামলাকারীরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।
সাদুল্লাপুর থানার ডিউটি অফিসার ও এএসআই সুজন দেবনাথ জানান, অভিযোগপত্র ওসির কাছে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





