গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল—ইউনিসেফ।
শুক্রবার (২১ নভেম্বর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র রিকার্দো পাইরিস জানান, নিহতদের মধ্যে রয়েছে বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত এক নবজাতক মেয়েও। এর আগের দিন ইসরায়েলের ব্যাপক হামলায় মারা যায় আরও সাত শিশু।
পাইরিস বলেন, ‘এটা একটি সম্মত যুদ্ধবিরতির মধ্যে ঘটছে। ধরনটি ভয়াবহ।’ তিনি জানান, ১১ অক্টোবর যুদ্ধবিরতির প্রথম পূর্ণাঙ্গ দিন থেকে এ পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তার ভাষায়, ‘এগুলো সংখ্যা নয়—প্রতিটি ছিল একটি শিশু, একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন—যা সহিংসতায় হঠাৎ থেমে গেছে।’
ইউনিসেফের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৪ হাজার ফিলিস্তিনি শিশু নিহত ও আহত হয়েছে। সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে প্রতি মাসে গড় হিসেবে ৪৭৫ ফিলিস্তিনি শিশু আজীবন পঙ্গুত্বের শিকার হয়েছে—যাদের অনেকেরই মস্তিষ্কে আঘাত, গুরুতর পোড়ার ক্ষতসহ নানা ধরনের জখম রয়েছে। সংস্থাটির ভাষায়, গাজা এখন ‘আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় শিশু-অঙ্গহানি অঞ্চল’ হিসেবে দাঁড়িয়েছে।





