ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি দেশটির প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেও, এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে জাতীয় কোনো বিষয়ে তার বক্তব্যই চূড়ান্ত বলে বিবেচিত হয়। ফলে দেশটির অভ্যন্তরে ও আন্তর্জাতিক মহলে নজর রয়েছে, তিনি এই যুদ্ধবিরতি নিয়ে কবে এবং কী বক্তব্য দেন।

এর আগে খবরে জানা যায়, খামেনি রাজধানী তেহরানের তার নিয়মিত বাসভবনে না থেকে নিরাপদ একটি বাংকারে অবস্থান করছেন। তবে এ বিষয়ে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

সর্বশেষ গত ১৮ জুন টেলিভিশনে প্রচারিত তার একটি পূর্বে ধারণকৃত ভিডিও বার্তায় তিনি ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বান প্রত্যাখ্যান করেন। এরপর থেকে তিনি আর প্রকাশ্যে কিছু বলেননি।