যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে চালানো এই সর্বশেষ হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।


লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেই ইসরায়েল এই হামলা চালিয়েছে। চলমান উত্তেজনার মধ্যে নতুন এ হামলা দেশটিতে ক্ষোভ আরও বাড়িয়েছে।

সোমবার (১০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।


রোববার এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে এক হামলায় একজন নিহত হন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়ে।


এছাড়া নাবাতিয়ের ইকলিম আল-তুফাহ অঞ্চলে হুমাইন আল-ফাওকা–হামিলা সড়কে এক গাড়িতে হামলায় আরেকজন নিহত হন বলে জানিয়েছে এনএনএ।


প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি ড্রোন টায়ার জেলা, নাবাতিয়ে প্রদেশ, ইকলিম আল-তুফাহ ও বিনত জবাইল অঞ্চলে খুব নিচু দিয়ে উড্ডয়ন করছে এবং টহল দিচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।


গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমে তীব্র হচ্ছে। ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননের ভেতরে বিমান হামলা ও গোলাবর্ষণ চালাচ্ছে।

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের এই অভিযান ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ সামরিক রূপ নেয়। এখন পর্যন্ত এ সংঘাতে চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়েছেন।