ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতের জম্মু ও কাশ্মিরের কিস্তওয়ারে একটি হিন্দু সংগঠনের উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ওই বিক্ষোভে বক্তব্য দেন বিজেপির নেতা ও কাশ্মির বিধানসভার বিরোধী দলীয় নেতা সুনীল শর্মা।
বিক্ষোভে সুনীল শর্মা দাবি করেন, বাংলাদেশ ও পাকিস্তান ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুপ থাকবেন না। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও চীন প্রধানমন্ত্রী মোদিকে ভয় পায়।” তার দাবি, মোদি বিশ্বের বিভিন্ন দেশের হিন্দুদের জন্য, বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের কাছে আশার প্রতীক।
সুনীল শর্মা আরও বলেন, বাংলাদেশে যা ঘটছে, তার পেছনে কয়েকটি দেশের উসকানি রয়েছে। এসব তৎপরতার মাধ্যমে ভারতকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, “২০৪৭ সালের মধ্যে ভারত সামরিক ও অর্থনৈতিক শক্তিতে একটি সুপারপাওয়ারে পরিণত হবে। এই অগ্রযাত্রা ঠেকাতে কিছু দেশ মিলে ভারতকে দুর্বল করার ষড়যন্ত্র করছে।”
কাশ্মিরের ওই বিক্ষোভে নেতৃত্ব দেন সনাতন ধর্ম সেবার প্রেসিডেন্ট মোহন্ত রাম সারন দাস আচার্য। বিক্ষোভের অংশ হিসেবে সেখানে ‘বন্ধ’ কর্মসূচিও ঘোষণা করা হয়। এতে সাড়া দিয়ে কিছু দোকানপাট বন্ধ রাখা হয়।
এ সময় সুনীল শর্মা অভিযোগ করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে বাংলাদেশে পরিকল্পিতভাবে বিক্ষোভ আয়োজন করা হচ্ছে। তবে তিনি পুনরায় দাবি করেন, বাংলাদেশ কিংবা পাকিস্তান যাই হোক না কেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে নীরব থাকবেন না।





