যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। বুধবার (২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর টঙ্গি হাইওয়েস্থ ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনীতিবিদ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে একটি শুভেচ্ছাবার্তা মার্কিন রাষ্ট্রদূতের হাতে তুলে দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। প্রতিনিধি দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী, অর্থবহ ও সৌহার্দ্যপূর্ণ হবে।





