মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নতুন পরমাণু চুক্তি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, তেহরান কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না।

বুধবার (৪ জুন) ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে দেওয়া ভাষণে খামেনি বলেন, “মার্কিন পরমাণু প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরশীলতা ও সক্ষমতা নীতির সঙ্গে সাংঘর্ষিক। এটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আদর্শের সম্পূর্ণ বিরোধী।”

তিনি আরও বলেন, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হচ্ছে ইরানের জ্বালানি স্বাধীনতার মূল চাবিকাঠি। স্বাধীনতা মানে আমেরিকা বা কোনো পরাশক্তির কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।”

গত শনিবার (৩১ মে) ইরানকে একটি পরমাণু চুক্তির লিখিত খসড়া প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র, যেখানে প্রধান শর্ত হিসেবে তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করার আহ্বান জানানো হয়। এই দাবি আগেও তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে ইরান।

এদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী রাষ্ট্রদূত স্টিভ উইটকফ বলেছেন, “ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি ‘লাল রেখা’। তিনি এ ধরনের কার্যক্রমের বিরোধিতা অব্যাহত রাখবেন।”

চুক্তি ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বিশ্লেষকেরা।