যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে বিমানবন্দরে ইউপিএসের একটি এমডি-১১ কার্গো বিমান বিধ্বস্ত হয়ে সব ফ্লাইট ক্রুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় তিনজন ক্রুসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন।


ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, ইউপিএস ফ্লাইট ২৯৭৬ নামের এমডি-১১ বিমানটি স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে কেনটাকির লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোনোলুলুর উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের এক ডানায় আগুন দেখা দেয় এবং অল্প সময়ের মধ্যেই বিস্ফোরণ ঘটে।


স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, উড্ডয়নের পর বিমানটির ডানায় আগুন ধরে যায় এবং হঠাৎ সেটি নিচের দিকে পতিত হয়। মাটিতে আছড়ে পড়েই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।


দুর্ঘটনার পর আগুন আশপাশের শিল্প ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। কর্মকর্তারা জানান, মাটিতে অন্তত একজন নিহত এবং ১১ জন দগ্ধ হয়ে আহত হয়েছেন।


ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। লুইসভিল বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জোনাথন বেভিন বলেন, “আহতদের অনেকেই গুরুতর অবস্থায় আছেন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।”


কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানান, কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্ত ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের কাজ করছে।


লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ বলেন, “সব জরুরি সেবা সংস্থা ঘটনাস্থলে কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আগুন জ্বলতে থাকলেও তা দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়েছে।”


মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনাটির তদন্তের দায়িত্ব নিয়েছে, এবং এফএএ তদন্তে সহযোগিতা করছে।


তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, উড্ডয়নের সময় বিমানের একটি ইঞ্জিন বিচ্ছিন্ন হয়েছিল কি না, কারণ রানওয়ের বিভিন্ন স্থানে ছিটকে পড়া ধ্বংসাবশেষ পাওয়া গেছে।