শনিবার হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে নিরাপত্তা চেকপয়েন্টে যাত্রীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন। বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারের চলমান শাটডাউনের কারণে দেশজুড়ে এক হাজার চারশোরও বেশি ফ্লাইট বাতিল হয়, আর প্রায় ছয় হাজার ফ্লাইট দেরিতে ছেড়ে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার অনুযায়ী, শুক্রবারের তুলনায় শনিবার বিলম্বিত ফ্লাইটের সংখ্যা কিছুটা কমলেও এখনও প্রায় ছয় হাজার।
এর আগে সপ্তাহের শুরুতে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছিল, বেতন ছাড়াই কাজ করা বিমান নিয়ন্ত্রকেরা ক্লান্ত হয়ে পড়ায় দেশের সবচেয়ে ব্যস্ত ৪০টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল ১০ শতাংশ পর্যন্ত কমানো হবে।
গত ১ অক্টোবর থেকে চলমান এই শাটডাউন এখনও অব্যাহত রয়েছে। কংগ্রেসে অর্থায়ন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দ্বন্দ্ব মেলেনি। শনিবার ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ অচলাবস্থার ৩৯তম দিন।





